ব্রডব্যান্ডে ৩ ধাপ এগুলেও মোবাইল ইন্টারনেটে ২ ধাপ পেছালো বাংলাদেশ

১৭ জুন, ২০২১ ১৯:০৪  

১৮০ দেশের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক থেকে পূর্বের স্থান থেকে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। তবে দেশে মোবাইল ইন্টারনেটের গতি বৃদ্ধি পেলেও ১৩৭ দেশের সঙ্গে পাল্লায় দুই ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

স্পিডটেস্ট-এর গ্লোবাল ইনডেক্সের মে মাসে প্রকাশিত সূচকে এমন তথ্য উঠে এসেছে।

স্পিডটেস্টের দেয়া তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম। মে মাস শেষে ইন্টারনেটের গতি অনুযায়ী বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৬তম। গত মাস শেষে ব্রডব্যান্ড ব্যবহারকারী গড়ে ইন্টারনেটের গতি পেতেন ৩৮ দশমিক ১৩ মিগাবিট পার সেকেন্ড।

অপরদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা গড়ে ১১ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেটের গতি পেলেও মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৩। মোবাইল ইন্টারনেট গতি বৃদ্ধি পেলেও ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে।

মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে এপ্রিল মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১৩২ তম; যা মে মাস শেষে হয়েছে ১৩৪ তম।

এদিকে বিশ্বে মোবাইল ইন্টারনেট গতির দিক প্রথম পাঁচ দেশের মধ্যে রয়েছে দুবাই, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব ও চীন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে সিঙ্গাপুর, হংকং, মোনাক, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড।